‘শাপলা কুঁড়ি’র বিচারক রুহানী
- আপডেট সময়: ০৫:৪৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ টাইম ভিউ
রুহানী সালসাবিল জনপ্রিয় উপস্থাপিকা। তিনি একজন নৃত্যশিল্পীও। মাঝে মাঝে নাটকেও অভিনয় করেন। তবে আপাতত অভিনয় করছেন না তিনি। ছোটবেলায় রুহানী সালসাবিল জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় মনিপুরী নৃত্যে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরই মধ্যে ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এ ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করেছেন রুহানী সালসাবিল।
তিনি জানান, এর আগেও তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন নৃত্য প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করেছেন।
এ সম্পর্কে রুহানী বলেন, ‘মামনির সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসতাম প্রতিযোগিতায় অংশ নিতে। ভরত নাট্যমের মহারথী বেলায়েত স্যারকে বিচারক হিসেবে পেয়েছি আমি ছোটবেলায়। আজ বেলায়েত স্যারের পাশের চেয়ারে বসে নাচের বিচারক হলাম। আমার শিক্ষক সোহাগ স্যারের কোরিওগ্রাফিতে ২০১০ সালে বিটিভিতে এনলিস্টেড হওয়ার পরীক্ষায় আমি হৃদয় আমার নাচেরে আজিকে গানে নাচ করেছিলাম। সেসব নিয়েই স্যারের সঙ্গে কত স্মৃতি রোমন্থন করলাম। আর বিচারক হিসেবে বলব এই সময়ের বাচ্চারা আমাদের সময় থেকে আরও বেশি নাচে পারদর্শী। তাদের বিচার কার্যক্রম করা খুব কঠিন। সবার জন্য শুভ কামনা রইল।’
রুহানী সালসাবিল জানান, শাপলা কুঁড়ি ২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতা দ্রুত সম্পন্ন হবে। এদিকে রুহানী সালসাবিল আগের চেয়ে টিভিতে উপস্থাপনার কাজ আনুপাতিক হারে অনেক কমিয়ে দিয়েছেন। তার উপস্থাপনায় বিটিভিতে ‘সেলিব্রিটি শো’, একটি অনলাইন প্ল্যাটফর্মে ‘কেচ দ্য স্টার’, আরটিভিতে ‘সেফস স্টুডিও’, এসএটিভিতে ‘সাইন অন’ ও দেশ টিভিতে ‘স্টার লাউঞ্জ’ নিয়মিতভাবে প্রচার হচ্ছে। টেলিভিশনে উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন স্টেজ শোতেও উপস্থাপনা করেন রুহানী। আগামীকাল মঙ্গলবারও তিনি একটি শোয়ের উপস্থাপনা করবেন।









